<[(নিয়ম করে স্বপ্ন)]>

 প্রতিদিন নিয়ম করে স্বপ্ন দেখি

দিনের আলোতে সবকিছু যায়না দেখা

তাই রাতের শরীরে জীবনের ছবি আঁকি

পৃথিবীর গ্লানিভরা পথে

রক্তিম স্বেদ ঝরে যেতে যেতে---

স্বপ্নগুলো হাটে যেন হাত থেকে দুই গজ দুরে

ধরতে গেলেই- উড়ে যায় কোন সে সুদূরে---

একা-একা মিছে মিছে জ্বালাই স্বস্তির দীপালি

 অন্যের ধার দেয়া হাসি নিয়ে সারাদিন চলি,

মনটাকে প্রবোধ দেই--সান্তনা সাধি

কিছুতেই বুঝেনা সে--পালিয়ে যায় 

বিষাদের সাহারায়

কেমন করে-কিসে তারে বাঁধি?


সূর্য্যের আলো নিভে যায় বৈপরীত্যের আঘাতে

কবরের মুর্দারা হাটে অসীম উজ্জ্বল রাতে

যখন আকাশের তারকারা পৃথিবীর গহ্বরে

প্রাণগুলো দেখে হাসে---

আমরা লুকাই আমাদের অসাধ্যের পরাজয়

নীল অশ্রু-রথে চড়ে উন্মুখ কলঙ্ক আসে

তারপর চেতনার চৈতন্য ঘুমায়,

নগ্ন-নৃত্যে মেতে উঠে অশরীরী জগৎ

তখন তন্দ্রা যায় আমাদের আড়ষ্ট সুবোধ।

Post a Comment

0 Comments